Ortho Songbad আর্কাইভ

একদিনে আরও ১১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

একদিনে আরও ১১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা একশ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে দেশে ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু না হলেও সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১১৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৭ জনে।

রোববার (১৪ আগস্ট) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার (১৩ আগস্ট) ৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৭০ জনই ঢাকার বাসিন্দা। এ সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৪৬ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট ৩৮৭ জনের মধ্যে ৩১৪ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ৭৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৪ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৩ হাজার ৭৫৯ জন। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ১৪১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৬১৮ জন।

মুল সাইট থেকে

পুজিবাজার