Ortho Songbad আর্কাইভ

লাভেলোর ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

লাভেলোর ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দেবে।

রবিবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে যে, ২০২১-২২ অর্থ বছরে লাভেলোর কর পরবর্তী নীট মুনাফা ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১-২২ অর্থ বছরে কর পরবর্তী নীট মুনাফা হয়েছে ১২ কোটি ১৫ লাখ ৯৫ হাজার ১০ টাকা। আগের বছর ২০২০-২১ অর্থ বছরে কর পরবর্তী নীট মুনাফা ছিল ৯ কোটি ৫০ লাখ ০৭ হাজার ৮৭৫ টাকা।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। আগের বছর ইপিএস হয়েছিল ১.৪১ টাকা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৯০ পয়সা। এছাড়া আইপিও থেকে প্রাপ্ত অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রসপেক্টাসে উল্লেখিত প্রস্তাব সংশোধন ও ব্যয়ের সময়সীমা বৃদ্ধির প্রস্তাব করা হয়।

ঘোষিত লভ্যাংশ ও উল্লেখিত সংশোধন প্রস্তাব শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্যে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর, ২০২২ অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর, ২০২২।

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার