Ortho Songbad আর্কাইভ

সয়াবিন তেলের দাম কমেছে

সয়াবিন তেলের দাম কমেছে
ডিমের দাম নির্ধারণের পাশাপাশি সয়াবিন তেলের দামও কমিয়েছে সরকার। এখন থেকে প্রতি লিটার সয়াবিন তেলে ৫ টাকা এবং প্রতি লিটার পাম তেলের দাম কমছে ৪ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এই দাম আজ থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা এবং পাম তেলের দাম ৪ টাকা কমে যাবে। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আরও পড়ুন: ডিমের দাম নির্ধারণ, করা হবে আমদানি

নতুন দর নির্ধারণের ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেল কিনতে খরচ হবে ১৬৯ টাকা, যা এতদিন ছিল ১৭৪ টাকা। এক লিটার খোলা সয়াবিন বিক্রি হবে ১৪৯ টাকায়, যা এতদিন ছিল ১৫৪ টাকা।

এ ছাড়া পাম তেলের দাম লিটারে ৪ টাকা কমে ১২৪ টাকায় বিক্রি হবে। এতদিন পাম তেলের দাম ছিল লিটারে ১২৮ টাকা।

তিনি আরও জানান, খোলা চিনি প্রতি কেজি ১২০ এবং প্যাকেটজাত চিনি ১৩৫ টাকা কেজিতে বিক্রি হবে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার