Ortho Songbad আর্কাইভ

গ্রামীন অঞ্চলের ব্যাংক আমানতে বড় পতন

গ্রামীন অঞ্চলের ব্যাংক আমানতে বড় পতন
দেশের গ্রামীন অঞ্চলের ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ কমেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকের তুলনায় জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশের গ্রামাঞ্চলের ব্যাংকগুলোয় আমানতের পরিমাণ ৯৮ হাজার ৮৮৫ কোটি ২৯ লাখ বা ২৭ দশমিক ৫৬ শতাংশ কমেছে। যদিও এ সময় দেশের শহরাঞ্চল ও সামগ্রিকভাবে ব্যাংক খাতের আমানত বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, ২০২২-২৩ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিক শেষে গ্রামাঞ্চলে অবস্থিত তফসিলি ব্যাংকের শাখাগুলোয় আমানতের পরিমাণ ছিল ৩ লাখ ৫৮ হাজার ৭৫৫ কোটি ৫১ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময় শেষে তা নেমে এসেছে ২ লাখ ৫৯ হাজার ৮৭০ কোটি ২২ লাখ টাকায়।

দেশে প্রায় দেড় বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। নভেম্বর মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৯ শতাংশে, যা গত সাত মাসে সর্বনিম্ন। খাদ্যে মূল্যস্ফীতির হার আরও বেশি; শহর ও গ্রামাঞ্চল উভয় অঞ্চলেই। তবে গ্রামাঞ্চলের মানুষের সঞ্চয়ে এর প্রভাব বেশি পড়ছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। সেই সঙ্গে রেমিট্যান্স বা প্রবাসী আয়প্রবাহ কমে যাওয়ার কারণেও মানুষের সঞ্চয়ে প্রভাব পড়ছে বলেও ধারণা করা হচ্ছে।

দেশের আটটি বিভাগের মধ্যে খুলনা ও রংপুর বিভাগ ছাড়া বাকি ছয়টি বিভাগের গ্রামাঞ্চলে আমানত কমেছে বলে বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে। এই দুই বিভাগেও আমানত তেমন একটা বাড়েনি। খুলনা বিভাগে বেড়েছে ১৯৫ কোটি টাকা; রংপুর বিভাগে বেড়েছে ৪১ কোটি ৯৪ লাখ টাকা।

বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে আমানত কমেছে ২০ হাজার ২৪৮ কোটি টাকা; ঢাকা বিভাগে কমেছে ৭৩ হাজার ৪৫৪ কোটি টাকা; ময়মনসিংহ বিভাগে কমেছে ৭৫৩ কোটি টাকা; রাজশাহী বিভাগে কমেছে ১৫৪২ কোটি ৮৯ লাখ টাকা; বরিশাল বিভাগে কমেছে ৯৬২ কোটি টাকা এবং সিলেট বিভাগে কমেছে ২ হাজার ৭৬০ কোটি ৮৪ লাখ টাকা।

এ সময় অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশের গ্রামাঞ্চলে ব্যাংক আমানত কমলেও শহরাঞ্চলে বেড়েছে। এ সময় শহরাঞ্চলের আমানত বেড়েছে ১ লাখ ২৪ হাজার ৯৯৫ কোটি ৫৪ লাখ টাকা।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার