Ortho Songbad আর্কাইভ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস। বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সোমবার (১৮ মার্চ) দুপুরে প্রবাসী কল্যাণ ভবনের বিজয়-৭১ হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


এসময় আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ ও সাহিত্যিক মুনতাসীর মামুন। এছাড়া অনুষ্ঠানে প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবে রূপদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নে তথা বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।


তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এরই মধ্যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, এখন তিনি লক্ষ্য স্থির করেছেন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার। শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।


অনুষ্ঠানের মূখ্য আলোচক ইতিহাসবিদ ও সাহিত্যিক মুনতাসীর মামুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও আর্দশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


অনুষ্ঠানের পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ ভবনে স্থাপিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক স্থাপত্যের উদ্বোধন করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার