Ortho Songbad আর্কাইভ

চট্টগ্রামে শত কোটি টাকায় কসাইখানা নির্মাণ করবে চসিক

চট্টগ্রামে শত কোটি টাকায় কসাইখানা নির্মাণ করবে চসিক

চট্টগ্রাম মহানগরীতে প্রায় শতকোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণ করবে চট্টগ্রাম সিটি করর্পোরেশন (চসিক)। মঙ্গলবার (২ এপ্রিল) প্রাণিসম্পদ অধিদপ্তরের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে চসিক।


এ উপলক্ষে চসিক কার্যালয়ে মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর উপস্থিতিতে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. আব্দুর রহিম এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।


নগরীর সাগরিকা পশুর হাটের পশ্চিম পাশে এক একর জায়গায় এই কসাইখানা নির্মাণ করা হচ্ছে। কসাইখানাটিতে দুটি পৃথক লাইনে একইসঙ্গে প্রতি ঘন্টায় ২৫টি গরু-মহিষ এবং ৬০টি ছাগল জবাই ও প্রক্রিয়াজাত করা যাবে। ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সম্পূর্ণ হালালভাবে পশু জবাই হবে এ স্মার্ট কসাইখানায়। এ কসাইখানায় জবাই করা পশুর মাংসে রক্ত-পানি জমে থাকবেনা বিধায় ক্রেতারা মাংস কিনে লাভবান হবেন বলে জানিয়েছে চসিক।


সভায় মেয়র মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বিভিন্ন জটিলতায় এই প্রকল্পের বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। মন্ত্রণালয়ে যোগাযোগ করে সমস্যাগুলো নিরসণ করায় এই প্রকল্প আলোর মুখ দেখছে। জনস্বাস্থ্যের উন্নয়নে আধুনিক এ কসাইখানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি নির্মাণ কাজ শেষ হলে নগরের যেখানে সেখানে পশু জবাই বন্ধ হবে। এতে পরিবেশ দূষণ কমে আসবে। রোগবালাই আছে এমন গরু জবাই করা বন্ধ হবে। বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াকৃত মাংস খেতে পারবে চট্টগ্রামবাসী।


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন বলেন, মানুষ আর্থিক সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসম্মত খাবার চান। এ কসাইখানায় সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতভাবে মাংস প্রক্রিয়াজাত করা হবে। রোগ-জীবাণু ও স্বাস্থ্যঝুঁকি কমাবে এ কসাইখানা। এছাড়া এখানে জবাই করা পশুর চামড়াও থাকবে একদম নিখুঁত।


চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোবারক আলী, ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, আইন কর্মকর্তা জসিম উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহীন উল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিনসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, চসিক ও সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও প্রতিনিধিবৃন্দ।

মুল সাইট থেকে

পুজিবাজার