Ortho Songbad আর্কাইভ

রাস্তায় পুলিশের স্টিকার লেখা গাড়ি দেখলেই যাচাই: ডিএমপি কমিশনার

রাস্তায় পুলিশের স্টিকার লেখা গাড়ি দেখলেই যাচাই: ডিএমপি কমিশনার

গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে বা ডিএমপির লোগো লাগিয়ে সন্ত্রাসীদের চলাফেরার তথ্য পাওয়া গেছে। এজন্য রাস্তায় পুলিশের স্টিকার লেখা কোনো গাড়ি দেখলে ডিউটিরত পুলিশ সদস্যদের অবশ্যই যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।


রবিবার (২৮ এপ্রিল) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।


এসময় ডিএমপি কমিশনার বলেন, পুলিশ কিংবা ডিএমপির লোগো লাগিয়ে রাস্তায় চলাচল করা গাড়িগুলো আসলেই কোনো পুলিশ অফিসারের গাড়ি কি না তা যাচাই করতে হবে। যদি যাচাই করে দেখা যায় সেটা পুলিশের গাড়ি নয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডিএমপির ক্রাইম ও ট্রাফিক বিভাগ বিষয়টি নজর রাখবে বলেও জানান তিনি।


তিনি বলেন, সমাজে অপরাধের কারণ অনুসন্ধান করে সেগুলো প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে।


ডিএমপি কমিশনার আরও বলেন, ছিনতাই ও অপরাধ প্রতিরোধে রাতে রাস্তার মোড়ের দোকানগুলো বন্ধ করে দিতে হবে। অনেক সময় দেখা যায় এসব অস্থায়ী দোকানে অপরাধীরা সারা রাত আড্ডা দেয়, আর সুযোগ পেলেই ছিনতাই করে। রাস্তার পাশের বিড়ি, পান ও চায়ের দোকান রাত ১১টার পর বন্ধ করে দিতে হবে।


হাবিবুর রহমান বলেন, কোনো সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠী যেন কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আতঙ্ক সৃষ্টিকারী কোনো কাজ যেন ঢাকা মেট্রোপলিটন এলাকায় না হয় সেদিকেও সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। এ ধরনের অপরাধ চক্রের বিরুদ্ধে কঠোর থাকতে হবে।


কমিশনার বলেন, অন্যান্য রমজানের চেয়ে এবার রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল। ডিএমপির ট্রাফিক বিভাগের সঙ্গে ক্রাইম বিভাগও আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। ট্রাফিক নিয়ন্ত্রণ ট্রাফিক বিভাগের একার কাজ, এমনটা ভাবা যাবে না। ক্রাইম বিভাগের যাদের সামনে রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা দেখা যাবে তিনি সেখানে কাজ করবেন।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার