8194460 ট্রেনে ঈদযাত্রা শুরু সোমবার - OrthosSongbad Archive

ট্রেনে ঈদযাত্রা শুরু সোমবার

ট্রেনে ঈদযাত্রা শুরু সোমবার

ঈদে নাড়ির টানে বাড়ি ফেরে মানুষ। একসঙ্গে লাখ লাখ মানুষ ঢাকা ছাড়ায় যানবাহনে বাড়তি চাপ পড়ে। এতে যাত্রাপথে বেশ ভোগান্তিও পোহাতে হয়। তবে অপেক্ষাকৃত আরামদায়ক হওয়ায় অনেকেই যাতায়াতের মাধ্যম হিসেবে ট্রেনকে বেছে নেন।


সোমবার (২৪ মার্চ) ট্রেনে ঈদযাত্রা শুরু হবে। ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছিল বাংলাদেশ রেলওয়ে। গত ১৪ মার্চ যারা টিকিট কিনেছিলেন, তারা আগামীকাল ভ্রমণ করতে পারবেন।


যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ঢাকা রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্টেশন কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। টিকিটবিহীন যাত্রী ঠেকাতে টিটিরা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। এছাড়া র‍্যাব, পুলিশ, আরএনবি, জিআরপির কন্ট্রোল রুম থাকবে। দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস থাকবে। যাত্রীদের কেউ অসুস্থ হলে যেন দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় এজন্য মেডিকেল ক্যাম্প থাকবে।


বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের চাঁদ দেখার ওপরে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে।


বিগত বছরগুলোতে ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এবার সেটি কমিয়ে ৫ জোড়া করা হয়েছে।


বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে দুটি একজোড়া ট্রেন চালানো হবে; ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৩ ও ৪ নামে একজোড়া ট্রেন চালানো হবে; ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৫ ও ৬ নামে একজোড়া ট্রেন চালানো হবে; ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৭ ও ৮ নামে একজোড়া ট্রেন চালানো হবে এবং জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পাবর্তীপুর ঈদ স্পেশাল ৯ ও ১০ নামে একজোড়া ট্রেন চালানো হবে।


এছাড়া ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ৪৪টি (পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৮টি মিটারগেজ ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৩৬টি ব্রডগেজ) যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ১৯টি (মিটারগেজ ১৪টি ও ব্রডগেজ থেকে ৫টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।


এছাড়া দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো ডে-অফ থাকবে না। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক ডে-অফ কার্যকর থাকবে। এছাড়া ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা