Ortho Songbad আর্কাইভ

বাইডেনের অভিষেকে মঞ্চ আলোকিত করবেন লেডি গাগা

বাইডেনের অভিষেকে মঞ্চ আলোকিত করবেন লেডি গাগা
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আগামী বুধবার শপথ নিচ্ছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। তার অভিষেক অনুষ্ঠানে শুধু রাজনীতিবিদরাই নন, মঞ্চ আলোকিত করতে উপস্থিত থাকবেন একঝাঁক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের ওই অনুষ্ঠানে পারফর্ম করবেন জনপ্রিয় দুই মার্কিন তারকা লেডি গাগা এবং জেনিফার লোপেজ। বাইডেনের টিমের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বাইডেনের অভিষেকে ইউএস ক্যাপিটলের পশ্চিমভাগে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত গাইবেন পপ তারকা লেডি গাগা। এরপর একটি মিউজিক্যাল পারফরমেন্সে অংশ নেবেন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ।

লেডি গাগাকে অবশ্য আগেও বাইডেনের পাশে দেখা গেছে। গত নভেম্বরে নির্বাচনের আগে ডেমোক্র্যাটদের হয়ে প্রচারণায় অংশ নিয়েছিলেন এ তারকা।

ক্যাপিটলের অনুষ্ঠানে আরও অংশ নেবেন সঙ্গীতশিল্পী জাস্টিন টিম্বারলেক, জন বন জোভি, ডেমি লোভাটো এবং অ্যন্ট ক্লেমনস। বাইডেনের শপথগ্রহণ উপলক্ষে ৯০ মিনিটের একটি অনুষ্ঠান সঞ্চালনা করবেন দুইবার অস্কারজয়ী অভিনেতা টম হ্যাংকস।

এছাড়াও অনুষ্ঠানটিতে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানো হয়েছে জর্জিয়ার এক কৃষ্ণাঙ্গ দমকলকর্মী, একজন সাবেক তরুণ কবি পুরস্কার বিজয়ী, এক ক্যাথলিক ধর্মযাজক এবং বাইডেনের নিজ শহর উইলমিংটনের এক যাজককে।

অনুষ্ঠানে তারা বৈচিত্র্যপূর্ণ মার্কিন জাতির প্রতিনিধিত্ব করবেন বলে বাইডেনের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত সপ্তাহে ক্যাপিটল ভবনে ট্রাম্প-সর্মথকদের তাণ্ডবের কারণে বাড়তি সতর্কতা হিসেবে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের বেশ কিছু পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। সূত্র আল জাজিরা

মুল সাইট থেকে

পুজিবাজার