Ortho Songbad আর্কাইভ

দেশে করোনায় আরও ৫৮ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ৫৮ জনের মৃত্যু
করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। করোনা রোধে সারাদেশে লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার, এমন সিদ্ধান্তের দিনে খবর এলো করোনায় আরও ৫৮ জনের মৃত্যুর। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২১৩ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৬৮৩ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে।

শনিবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (কোভিড ইউনিট) ডা. মো. ইউনুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৩৬৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন। এ সময়ে ২৪ হাজার ১০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৪৮টি নমুনা। এপর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ লাখ ৫২ হাজার ৬৬১টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ১৫ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৮ জনের মধ্যে ৩৮ জন পুরুষ, বাকি ২০ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া ৯ হাজার ২১৩ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৯২৫ জন, নারী দুই হাজার ২৮৮ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৫৮ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৩৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন রয়েছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার