Ortho Songbad আর্কাইভ

সহকর্মীদের অপমানের প্রতিবাদ করলেন নুসরাত

সহকর্মীদের অপমানের প্রতিবাদ করলেন নুসরাত
পশ্চিমবঙ্গে এবার রেকর্ডসংখ্যক তারকাপ্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। যাদের মধ্যে অভিনেত্রীদের সংখ্যাই ছিল বেশি। নির্বাচন শেষে ফলাফল প্রকাশও হয়েছে। কেউ জয় উদযাপন করছেন, আবার অনেকে হেরে গিয়ে ঘরে ফিরেছেন।

যাদের মধ্যে রয়েছেন বিজেপি তারকাপ্রার্থী তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দলের প্রার্থীদের নিয়েই কুমন্তব্য করলেন বিজেপি নেতা তথাগত রায়। আর এ নিয়ে এবার মুখ খুললেন নুসরাত জাহান।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দ বাজারকে দেওয়া সাক্ষাৎকারে নুসরাত বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি বিজেপি নারীর প্রধান শত্রু। এই দল কখনওই নারীকে সম্মান করতে পারেনি, পারবেও না। মেয়েদের তারা এভাবেই দেখে। তাদের যে সম্মান করা উচিৎ, সেই শিক্ষাটাই নেই। সেজন্যই যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে রোমিও স্কোয়াডের কথা বলতে পেরেছিলেন।’

বিজেপিকে উৎখাত করতে এবারের বিধানসভা নির্বাচনী প্রচারে গিয়েছেন নুসরাত। প্রার্থী না হয়েও ঘুরে বেরিয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা। নুসরাত এ প্রসঙ্গে বললেন, ‘বাংলার মানুষ জানে বিজেপি কেমন। নির্বাচনের ফলই তার প্রমাণ। তবে বাংলার মহিলারা বিজেপিকে ব্যালট বাক্সে যা জবাব দেওয়ার দিয়ে দিয়েছে। সেই দলে যোগ দিয়ে নিজেকে লজ্জিত করার কোনও মানেই হয় না।’

উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি মাসে বিজেপির বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় মেয়েদের প্রতি অন্যায় আচরণের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন নুসরাত। তিনি জানিয়েছিলেন, বাংলার মেয়েদের ভয় দেখিয়ে দমন করা সম্ভব নয়। এর পরেও একাধিকবার একই সুর শোনা গিয়েছে তার গলায়।

মুল সাইট থেকে

পুজিবাজার