Ortho Songbad আর্কাইভ

৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশ হতে পারে বিকেলে

৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশ হতে পারে বিকেলে
৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে। রোববার (১ আগস্ট) বিকেলে ফল প্রকাশ করা হতে পারে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র গণমাধ্যমে জানায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে পিএসসি কমিশনের বিশেষ সভা রয়েছে। এ সভায় ৪১তম বিসিএসের ফলাফল প্রকাশের ব্যাপারে সিদ্ধান্ত হবে। কমিশন অনুমতি দিলে সভা শেষে ফল প্রকাশ করা হবে।

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার চার মাস পেরিয়ে গেছে। ফলাফল প্রকাশে কয়েক দফা জোর প্রস্তুতিও নিয়েছিল পিএসসি। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ফল প্রকাশ আর হয়নি।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগের কথা বলা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি কর্মকর্তা নেয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে সাধারণ শিক্ষায় ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বিভাগে ১০ জন প্রভাষক নেয়া হবে। শিক্ষার পর বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেয়া হবে।

এছাড়া পুলিশে ১০০ জন, স্বাস্থ্যে সহকারী সার্জন ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জন নেয়া হবে।

এ বিষয়ে পিএসসির পরীক্ষা (ক্যাডার) নিয়ন্ত্রক নূর আহমদ গণমাধ্যমে বলেন, ‘৪১তম বিসিএসের ফলাফলের কাজ শেষ হলেও বর্তমানে প্রকাশের অপেক্ষায় রয়েছে। আজ কমিশনের সভায় ফলাফল প্রকাশের অনুমতি চাওয়া হবে। কমিশন অনুমতি দিলে রোববার বিকেলের মধ্যে তা প্রকাশ করা হবে।’

মুল সাইট থেকে

পুজিবাজার