Ortho Songbad আর্কাইভ

পশ্চিমবঙ্গে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

পশ্চিমবঙ্গে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা প্রত্যাহার
দুই মাস বন্ধ থাকার পর ১৫ জুন ইলিশ ধরার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ওই দিন রাতেই পশ্চিমবঙ্গের জেলেরা ইলিশ ধরতে সমুদ্রে যান। সমুদ্র উপকূলে জেলেদের জালে ধরা পড়ে ইলিশ। গত তিন বছর সমুদ্রে গিয়েও ইলিশ না পাওয়ায় হতাশ হয়ে পড়েন জেলেরা। এবার উপকূলেই মিলেছে ইলিশ। আর তাতেই জেলেদের মনে খুশির হাওয়া বইছে।

জানা যায়, গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের জেলেদের জালে ধরা পড়ে প্রায় তিন টন ইলিশ। সেই ইলিশ ওই রাতেই নিলামে বিক্রি হয় প্রতি কেজি ৬০০ রুপিতে।

ইলিশের একেকটির ওজন ছিল ৪৫০ থেকে ৫০০ গ্রাম। ইলিশের প্রজননের সুবিধার্থে গত ১৫ এপ্রিল থেকে দুই মাসের জন্য সমুদ্রে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর রাজ্যের প্রায় আড়াই হাজার মাছ ধরার ট্রলার ইলিশ ধরতে সমুদ্রে পাড়ি জমায়।

ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়কৃষ্ণ হালদার গণমাধ্যমে বলেন, এবার ১১ হাজারের বেশি ট্রলার সমুদ্রে ইলিশ ধরতে নামছে। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাত হাজার ট্রলার রয়েছে। প্রথম দিন আড়াই হাজার ট্রলার নেমেছে সমুদ্রে। আবহাওয়া অনুকূল থাকলে ট্রলারের সংখ্যা আরও বাড়বে।

মুল সাইট থেকে

পুজিবাজার