Ortho Songbad আর্কাইভ

বিশ্ববাজারে আবারও বেড়েছে গমের দাম

বিশ্ববাজারে আবারও বেড়েছে গমের দাম
ইউক্রেনে আটকা কোটি কোটি টন খাদ্যশস্য বিশ্ববাজারে রপ্তানি করতে মস্কো এবং কিয়েভের মধ্যে শান্তি চুক্তি হলেও এই চুক্তির বাস্তবায়ন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। চুক্তির ২৪ ঘণ্টা না যেতেই শনিবার ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় এই সন্দেহ আরও জোরাল হয়েছে। আর হামলার পর বিশ্ববাজারে আবারও গমের দাম বৃদ্ধি পেয়েছে।

শস্য রপ্তানির জন্য কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের তিনটি বন্দর পুনরায় চালু করার লক্ষ্যে শুক্রবার রাশিয়া, ইউক্রেন, জাতিসংঘ এবং তুরস্কের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিটি ১২০ দিনের জন্য কার্যকর থাকবে। চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে ইউক্রেন থেকে মাসে ৫০ লাখ টন খাদ্যশস্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের শিকাগোর গমের ফিউচার্স বৈশ্বিক সূচকে গমের দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ। যদিও শুক্রবার ইস্তাম্বুলে চুক্তি স্বাক্ষরের দিন বিশ্ববাজারে গমের দাম কমেছিল প্রায় ৬ শতাংশ।

ইউরোপীয় একজন গম রপ্তানিকারক রয়টার্সকে বলেছেন, ইউক্রেনীয় রপ্তানি পুনরায় শুরু করার জন্য শুধুমাত্র নিরাপদ পরিবহন চ্যানেলই নয়, বরং নিরাপদ বন্দরেরও প্রয়োজন হবে। পরিবহন চুক্তির কালি শুকিয়ে যাওয়ার আগে রাশিয়ানরা বন্দরগুলোর নিরাপত্তাহীনতা তৈরি করেছে। যে কারণে আবারও সন্দেহ জাগছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই ইউক্রেনের সামুদ্রিক বন্দরগুলো বন্ধ রয়েছে। তারপরও রেল এবং সড়কপথে প্রতিবেশী রোমানিয়া এবং পোল্যান্ডের মতো দেশে কিছু কিছু খাদ্যশস্যের ইউক্রেনীয় চালান পৌঁছেছে। যুদ্ধের কারণে এখনও ইউক্রেনে কোটি কোটি টন খাদ্যশস্য আটকা আছে। দেশটির কিছু অঞ্চলে মজুতের জায়গার অভাবে খাদ্যশস্যে পচনও ধরেছে।

 

মুল সাইট থেকে

পুজিবাজার