Ortho Songbad আর্কাইভ

সিরিয়ায় তুরস্কের হামলায় আইএস প্রধান নিহত

সিরিয়ায় তুরস্কের হামলায় আইএস প্রধান নিহত
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন প্রধান আবু হুসেইন আল-কুরাইশি নিহত হয়েছেন বলে দাবি করেছে তুরস্ক। পূর্বসূরি নিহত হওয়ার পর গত বছর তিনি ওই জঙ্গিগোষ্ঠীর দায়িত্ব নিয়েছিলেন।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইসলামিক স্টেটের সন্দেহভাজন নেতাকে তুর্কি বাহিনী হত্যা করেছে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

তুরস্কের টেলিভিশন চ্যানেল টিআরটি তুর্ককে এরদোগান বলেন, তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি দীর্ঘদিন ধরে কুরাইশির গতিবিধির ওপর নজর রাখছিল।

স্থানীয় সময় শনিবার রাতে সংস্থাটির এক অভিযানে আইএস নেতা নিহত হয়।

তিনি বলেন, ‘কোনো ভেদাভেদ ছাড়াই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।’

অবশ্য আইএস এখন পর্যন্ত তুরস্কের এ অভিযান সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

এর আগে, গত বছরের নভেম্বরে আইএস তাদের নেতা আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরাইশির মৃত্যুর ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্র সে সময় জানায়, তিনি ২০২২ সালের অক্টোবরের মাঝামাঝি দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির অভিযানে নিহত হন।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার