Ortho Songbad আর্কাইভ

মালি থেকে শান্তিরক্ষা মিশন প্রত্যাহার করলো জাতিসংঘ

মালি থেকে শান্তিরক্ষা মিশন প্রত্যাহার করলো জাতিসংঘ
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে শান্তিরক্ষী বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার (৩০ জুন) সর্বসম্মতিক্রমে এ অনুমোদন দেওয়া হয়। এ অনুমোদনের মধ্যদিয়ে আগামী ছয় মাসে ১৬০০ বাংলাদেশিসহ প্রায় ১৭ হাজার ‘নীল হেলমেট’ দেশ ছাড়বে।

ইউএন নিউজ ওয়েবসাইট অনুসারে, মালিতে দশক-পুরোনো জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশন শনিবার ( ১ জুলাই) থেকে তার উপস্থিতি প্রত্যাহার শুরু করবে। যা ২০২৪ সালের ১ জানুয়ারি সম্পূর্ণভাবে শেষ হবে।

এর আগে, মালির সরকার পশ্চিম আফ্রিকার দেশ থেকে অনতিবিলম্বে শান্তিরক্ষা মিশন প্রত্যাহার করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছিল। এ শান্তিরক্ষা মিশনে ১৬৩৬ বাংলাদেশি সেনাসহ ১৭০০০ সৈন্য মোতায়েন ছিল।

গত ১৭ জুন এজেন্স ফ্রান্স-প্রেসে (এএফপি) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মালির পররাষ্ট্রমন্ত্রী আবদুলাই দিওপ মালিতে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ মিশনের তীব্র নিন্দা করেছেন। শান্তিরক্ষার এ মিশনটি মিনুসমা নামেও পরিচিত।

জাতিসংঘের তথ্যানুসারে, শান্তিরক্ষার এ মিশনে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ অবদানকারী দেশ। এতে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্য ১৩৪৮ জন, পুলিশের ২৪০ জন ও ৪৮ জন অন্যান্য কর্মকর্তা রয়েছেন।

মালিতে ২০১৩ সালে জিহাদি দখল প্রতিরোধে জাতিসংঘের মিশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ১৮ বাংলাদেশি কর্মী মারা গেছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার