Ortho Songbad আর্কাইভ

বিএফটিআই ও বিসিআইয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

বিএফটিআই ও বিসিআইয়ের মধ্যে সমঝোতা স্মারক সই
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর টিসিবি ভবনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনিস্টিটিউটের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফটিআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মোঃ জাফর উদ্দীন।

বিএফটিআইয়ের পক্ষে প্রধান নির্বাহী ড. মো. জাফর উদ্দীন ও বিসিআইয়ের পক্ষে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) সমঝোতা স্মারকে সই করেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথির বক্তব্য বলেন, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের রপ্তানির ৮৪ দশমিক ৫৮ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। অন্যদিকে, রপ্তানি বাজারের ৬২ দশমিক ৮৮ শতাংশই ইউরোপীয় ইউনিয়ন (৪৫ দশমিক ৪২ শতাংশ) ও মার্কিন যুক্তরাষ্ট্রের (১৭ দশমিক ৪৬ শতাংশ) মধ্যে কেন্দ্রীভূত।

তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে পণ্য ও বাজার বহুমুখীকরণের বিকল্প নেই। সম্ভাবনাময় পণ্য ও বাজার সম্পর্কিত গবেষণালব্ধ তথ্য এবং উদ্ভাবনী পরামর্শ সেবা রপ্তানি বাড়াতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মন্ত্রী বলেন, এই সমঝোতার ফলে দেশি-বিদেশি বিনিয়োগের পথ যেমন সুগম হবে, তেমনি প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে পণ্য, সেবা এবং বাজার বহুমুখীকরণের মাধ্যমে সুদৃঢ় ও টেকসই রপ্তানি নির্ভর অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে ভিশন ২০৪১ এর সফল বাস্তবায়নে সহায়ক হবে পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখবে।

বিএফটিআই ও বিসিআই গুণগত মানসম্পন্ন বাণিজ্যবিষয়ক গবেষণা, প্রশিক্ষণ ও নীতি নির্ধারণ প্রক্রিয়ায় পরামর্শ দেওয়ার মাধ্যমে দেশের বাণিজ্য সম্প্রসারণে যথাযথ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।

বিএফটিআই’র প্রধান নির্বাহী বলেন, বিএফটিআইর প্রতিষ্ঠালগ্ন থেকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাণিজ্য সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিএফটিআই ও বিসিআইর উক্ত সমঝোতার ফলে পরিকল্পিত উদ্যোগসমূহ দেশী বিদেশী বিনিয়োগের পথ সুগম করবে এবং প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে পণ্য, সেবা এবং বাজার বহুমুখীকরণের মাধ্যমে টেকসই অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে।

বিসিআইর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, সমঝোতা স্মারকের মাধ্যমে বিএফটিআই এবং বিসিআই’র সাথে পারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্যিক উন্নয়নে বহুমাত্রিক কার্যক্রমের সূচনা হচ্ছে, যা বাংলাদেশের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার