Ortho Songbad আর্কাইভ

ইবিতে বন্ধ হচ্ছে সাপ্তাহিক অনলাইন ক্লাস

ইবিতে বন্ধ হচ্ছে সাপ্তাহিক অনলাইন ক্লাস
করোনা মহামারী ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা মোতাবেক ২৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে সপ্তাহে একদিন অনলাইনে একাডেমিক কার্যক্রম সারতো ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। প্রতি সোমবার চালু থাকা অনলাইন ক্লাস থেকে এবার সরে এসে অফলাইনে আগের নির্ধারিত সময়ে পাঠদান, পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২২শে জানুয়ারি থেকে পূর্ব নির্ধারিত সোমবারে সশরীরে চলবে এবং পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, ২৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে আমাদের সোমবারের অনলাইন পাঠদান কার্যক্রম চালু ছিল। এখন দেখা যাচ্ছে নিয়মিত অনলাইন ক্লাসগুলো হচ্ছে না। এছাড়াও সপ্তাহিক দুইদিন ছুটি থাকায় শিক্ষার্থীরা প্রকৃতপক্ষে লাভবান হচ্ছে না। তাই শিক্ষার্থীদের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে পুনরায় অফলাইন ক্লাসে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই ২০২৩ থেকে বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একদিন সোমবার সকল প্রকার ক্লাস কার্যক্রম অনলাইনে চলমান ছিল এবং সোমবার সকল প্রকার পরীক্ষা বন্ধ ছিল।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার