গলফ খেলা নিয়ে বিতর্কের জেরে কানাডায় সেনা কর্মকর্তার পদত্যাগ

গলফ খেলা নিয়ে বিতর্কের জেরে কানাডায় সেনা কর্মকর্তার পদত্যাগ
যৌন হয়রানির অভিযোগ ওঠা কানাডীয় সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফের সঙ্গে গলফ খেলে বিপাকে পড়েছেন দেশটির দ্বিতীয় শীর্ষ সেনা কর্মকর্তা। তদন্তাধীন ব্যক্তির সঙ্গে খেলা নিয়ে বিতর্কের জেরে শেষপর্যন্ত পদত্যাগ করতে হয়েছে তাকে।

বার্তা সংস্থা এএফপির খবর অনুসারে, কানাডীয় সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ জেনারেল জোনাথন ভান্সের সঙ্গে সম্প্রতি গলফ খেলতে নেমেছিলেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাইক রাউলো।

ভান্সের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করছে যে সেনা পুলিশ, সেই বাহিনীর প্রধানের চেয়েও উচ্চপদে রয়েছেন রাউলো। এ অবস্থায় একজন অভিযুক্তের সঙ্গে গলফ খেলে ব্যাপক বিতর্কের মুখে পড়েন তিনি।

অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেছেন গত জানুয়ারিতে অবসরে যাওয়া জোনাথন ভান্স।

এক চিঠিতে লেফটেন্যান্ট জেনারেল রাউলো বলেছেন, গত ২ জুন তিনি সাবেক চিফ অব স্টাফের সঙ্গে গলফ খেলেছেন ঠিকই, তবে চলমান তদন্তের বিষয়ে কোনো আলোচনা করেননি।

এ সেনা কর্মকর্তা জানিয়েছেন, তার গলফ খেলার সিদ্ধান্ত যেভাবে সাম্প্রতিক ঘটনাগুলোকে গুরুতর করে তুলেছে এবং সেনাবাহিনীর প্রতি বিশ্বাস আরো কমে যাওয়ায় অবদান রেখেছে, সেসবের সম্পূর্ণ দায় স্বীকার করছেন তিনি।

তবে পদত্যাগের পর তাকে কানাডিয়ান আর্মড ফোর্সেস ট্রানজিশন গ্রুপে অনুল্লেখিত নতুন দায়িত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন রাউলো। জেনারেল ফ্রান্সেস জেনিফার অ্যালেন আগামীতে ভাইস চিফ অব স্টাফ পদে তার স্থলাভিষিক্ত হবেন।

কানাডায় শীর্ষ সেনা কর্মকর্তাদের হাতে নিম্নপদস্থ কর্মকর্তাদের যৌন নিগ্রহের অভিযোগ ও তদন্ত নিয়ে গত কয়েক মাস ধরেই ব্যাপক তোলপাড় চলছে। ভান্সের পর চিফ অব স্টাফ পদে বসা অ্যাডমিরাল আর্ট ম্যাকডোনাল্ডও একই অভিযোগের কারণে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই দায়িত্ব ছেড়েছেন।

পরিস্থিতি সামলাতে গত এপ্রিলের শেষভাগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক এক প্রসিকিউটরকে সেনাবাহিনীতে যৌন হয়রানির অভিযোগগুলোর স্বাধীন তদন্ত করতে নির্দেশনা দেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী।

সূত্র: এনডিটিভি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না