Ortho Songbad আর্কাইভ

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে বুধবার (১৩ অক্টোবর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুজন, রাজশাহীর একজন এবং নাটোরের একজন রয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। এদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। গত এক দিনে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয়েছে তিনজনের। এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন।

এদিকে ১৯২ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৮৩ জন। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৯ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৯ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ১৫ জন। এর আগে মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ৬৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে চারজনের নমুনায়।

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২২৫ জনের। এর মধ্যে করোনা ধরা পড়েছে পাঁচজনের নমুনায়। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ২ দশমিক ৯৬ শতাংশ এবং নাটোরের ৩ দশমিক ৩০ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার