দুঃসময় এলে বসন্তের কোকিলরা থাকবে না: কাদের

দুঃসময় এলে বসন্তের কোকিলরা থাকবে না: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা দুঃসময়ে আওয়ামী লীগের সঙ্গে ছিল, যারা ত্যাগ করেছে তাদের মূল্যায়ন করতে হবে। বসন্তের কোকিলরা আবার দুঃসময় এলে তারা কিন্তু দলে (আওয়ামী লীগ) থাকবে না।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানের হোটেল ইম্পেরিয়ালের কনভেনশন হলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আজকের বর্ধিত সভার পর আগামী তিন মাসের মধ্যে গঠনতন্ত্রের ৩৫ (১) ধারা অনুযায়ী সব ইউনিটের কমিটি গঠনের কাজ শেষ করতে হবে। ইউনিট কমিটি গঠন শেষ হলে ৩৫ (২) ধারা অনুযায়ী পরবর্তী তিন মাসের মধ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।

তিনি বলেন, সব ওয়ার্ডের সম্মেলন শেষ হলে পরবর্তী তিন মাসের মধ্যে থানা আওয়ামী লীগের সম্মেলন শেষ করতে হবে। আমি এ ব্যাপারে মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিয়েছি। কেউ এই নির্দেশনা পালনে ব্যর্থ হলে তাকে দায় নিতে হবে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করা হলে কাউকে ছাড় দেয়া হবে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলের আগামী কার্যনির্বাহী সংসদের সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ সময় তিনি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত হয়ে সরকারকে হটিয়ে পুতুল সরকার বসানোর আন্তর্জাতিক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এ অপতৎপরতার বিরুদ্ধে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস