Ortho Songbad আর্কাইভ

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে যথেষ্ট অগ্রগতি হয়েছে: রেলমন্ত্রী

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে যথেষ্ট অগ্রগতি হয়েছে: রেলমন্ত্রী
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে যথেষ্ট অগ্রগতি হয়েছে। যদিও এখনো উদ্বোধনের সম্ভাব্য নির্ধারিত তারিখ এক বছরের উপরে আছে। আমরা আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই পদ্মা সেতুর সড়ক পথ যেদিন উদ্বোধন হবে সেদিন থেকেই ভাঙা থেকে মাওয়া পর্যন্ত আমরা রেল পরিচালনা করতে পারবো।

মঙ্গলবার (৪ মে) দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের মাওয়ায় প্রকল্পের রেলস্টেশন ও ভায়াডাক্টের কাজের অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, কাজের যে অগ্রগতি তাতে আমরা সন্তুষ্ট। রেল সংযোগ প্রকল্পের সার্বিক ৪১ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। অন্যদিকে ভাঙ্গা থেকে মাওয়া অংশের ৬৬ শতাংশ কাজ শেষ হয়েছে। মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত চারটা স্টেশনের কাজও পুরোদমে চলছে।

নুরুল ইসলাম সুজন বলেন, ‘আমরা পরিকল্পনা নিয়েছি। ভাঙ্গার স্টেশনটি হবে জাংশন স্টেশন। কারণ ভাঙ্গা থেকে আমরা ভবিষ্যতে পায়রাবন্দরের সঙ্গে সংযুক্ত হবো। তাই এই স্টেশনটিকে আমরা আইকনিক স্টেশন হিসেবে কিভাবে তৈরি করতে পারি সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, রেল সেতু প্রকল্প পরিচালক গোলাম ফখরুদ্দিন চৌধুরী, ইন্টারন্যাশনাল কনসালটেন্ট কনসোর্টিয়ামের সিওও মেজর জেনারেল জাহিদ, চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের প্রকল্প পরিচালক ওয়্যাং কুন, রেলের ডিজি ডি এন মজুমদারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

মুল সাইট থেকে

পুজিবাজার