Ortho Songbad আর্কাইভ

করমুক্ত হলো ওজিএসবির আওতাভুক্ত সব প্রতিষ্ঠান

করমুক্ত হলো ওজিএসবির আওতাভুক্ত সব প্রতিষ্ঠান
অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) আওতাধীন সব হাসপাতাল ও সংগঠনের যাবতীয় সেবার ওপর প্রযোজ্য আয়কর মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (২১ জুন) এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক আদেশে এ সুবিধা দেওয়া হয়। আদেশটি ২০১৯ সালের ১৯ মে থেকে কার্যকর ধরা হয়েছে। যা পাঁচ বছর পর্যন্ত বলবৎ থাকবে। এনবিআরের জনসংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করেছে।

এনবিআরের আদেশে বলা হয়, অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) জনকল্যাণ এবং সেবামূলক কার্যক্রম থেকে উদ্ভূত আয়কে শর্ত সাপেক্ষে আয়কর থেকে পাঁচ বছরের জন্য অব্যাহতি প্রদান করা হয়েছে।

শর্তগুলোর মধ্যে রয়েছে, অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) কর্তৃক প্রদত্ত চিকিৎসা সেবার ৩০ শতাংশ গরিব ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে প্রদানের ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও হাসপাতালে ভর্তি ও তৎপরবর্তী আবাসিক চিকিৎসা সুবিধা, বহির্বিভাগীয় পরামর্শ বা ব্যবস্থাপত্র, প্যাথলজিক্যাল পরীক্ষা ও সার্জারিসহ আনুষঙ্গিক অন্যান্য চিকিৎসা সুবিধার কথা উল্লেখ করা হয়েছে।

প্রযোজ্য ক্ষেত্রে আয়কর ও মূল্য সংযোজন কর (মূসক) কাটা হবে এবং উক্ত প্রতিষ্ঠানকে নিয়মিতভাবে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

উল্লেখ্য, অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকলিজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় বিশেষজ্ঞ ১ হাজার ৬০০ সদস্যদের সমন্বয়ে গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান। ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে এই সোসাইটি মহিলা, গর্ভবতী মা, কিশোরী ও নবজাত শিশুদের স্বাস্থ্য পরিচর্যাসহ পরিবার পরিকল্পনাবিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে। সারাদেশে এই হাসপাতালটির ১৩টি শাখা রয়েছে।

ওজিএসবি একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশ সরকার, জাতিসংঘভুক্ত বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী ও দেশি-বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কাজ করে থাকে।

মুল সাইট থেকে

পুজিবাজার