Ortho Songbad আর্কাইভ

করোনার টিকা আসছে আজ

করোনার টিকা আসছে আজ
করোনাভাইরাসের টিকা নিয়ে অপেক্ষার পালা শেষ হচ্ছে দেশবাসীর। ভারত সরকারের উপহার হিসেবে পাঠানো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ২০ লাখ ডোজ এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে উপস্থিত থেকে ভারতের উপহারের টিকা গ্রহণ করবেন। সেখান থেকে টিকা নিয়ে রাখা হবে রাজধানীর তেজগাঁও সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) স্টোরেজে।

একই সঙ্গে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালানের ৫০ লাখ ডোজ আগামী ২৫ জানুয়ারি দেশে পৌঁছাবে। এদিকে গতকাল বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান,  বৃহস্পতিবার ভারত থেকে ৩৫ লাখ ডোজ টিকা আসছে। এর মধ্যে ২০ লাখ ডোজ উপহারের এবং ১৫ লাখ ডোজ কেনা টিকার প্রথম চালান।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওই টিকা হাতে আসার পর আগামী ২৭ অথবা ২৮ জানুয়ারি রাজধানী ঢাকার একটি করোনা ডেডিকেটেড হাসপাতালে আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষণমূলক টিকাদান শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। প্রথম দিন সরাসরি করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় যুক্ত স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার ২০ থেকে ২৫ জনকে টিকা দেওয়া হবে। ব্যাপক হারে টিকাদান কার্যক্রম শুরুর আগে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চারশ থেকে পাঁচশজনকে টিকা দিয়ে সাত দিন পর্যবেক্ষণে রাখা হবে। এরপর গণটিকাদান শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সংশ্নিষ্টরা বলেছেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর অক্সফোর্ডের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিলেও দেশে এই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি। এ কারণে গণটিকাদান শুরুর আগে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। টিকার পরীক্ষামূলক প্রয়োগে সাফল্যের পর সরকার গণটিকাদান কার্যক্রম শুরু করতে চায়।

মুল সাইট থেকে

পুজিবাজার