অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা
করোনার নতুন যে টিকা আসছে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী ও শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি।

মন্ত্রী জানান, সব শিক্ষার্থীকে করোনার টিকার আওতায় এনেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।

বুধবার (২৬ মে) দুপুরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে সকল পর্যায়ের শিক্ষার্থীর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) শিক্ষা কার্যক্রম পরিপূর্ণভাবে নিশ্চিত করা যাবে। সেটা অনলাইনে কিংবা সশরীরে, যেকোনো ভাবেই হোক। আমরা এটি নিশ্চিতের চেষ্টা করছি।

মন্ত্রী বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে দেরি হচ্ছে। তবে টেলিভিশন ও অনলাইনে পাঠদান চলছে। আগামীতে হয়তো সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারব। তবে দেশের কোথাও লকডাউনের প্রয়োজন হলে বা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হলে শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমাদের নজর থাকবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক যাদের বয়স চল্লিশের ঊর্ধ্বে, তাদের প্রায় সবাই টিকা নিয়েছেন। এখনও যারা বাদ আছেন তারাও দ্রুত সময়ের মধ্যে নিতে পারবেন। সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্য মতে, সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা সাড়ে তিন লাখ। তাদের মধ্যে ১২০টি আবাসিক হলে এক লাখ ৩০ হাজার শিক্ষার্থীর আসন আছে। কিন্তু সেখানে থাকেন দুই লাখের বেশি শিক্ষার্থী। আবাসিক শিক্ষার্থীদের মধ্যে সর্বশেষ ৯১ হাজার শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তাদের পুরো তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দিয়েছে ইউজিসি। সবমিলিয়ে এক লাখ তিন হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীর তথ্য দেওয়া হয়েছে। তাদের সবাইকে দ্রুত সময়ের মধ্যে টিকার আওতায় আনা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি