পিপিপির ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগ করবে সৌদি আরব

পিপিপির ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগ করবে সৌদি আরব
সরকারি-বেসরকারি অংশীদারত্ব বা পিপিপির ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগ করবে সৌদি আরব। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সৌদি আরবের রিয়াদে দুই দেশের মধ্যে এ–সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়েছে।

রিয়াদের বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সমঝোতা স্মারক সই হয়। সৌদি আরবের পক্ষে দেশটির বিনিয়োগবিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহ এবং বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সমঝোতা স্মারকে সই করেন। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

চুক্তি সই অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটনসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে। বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ আছে উল্লেখ করে তিনি সৌদি আরবের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

সালমান এফ রহমান বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের মডেল উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব ও যুগোপযোগী চিন্তাধারায় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের আদর্শ স্থান। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি কোম্পানি অগ্রাধিকারমূলক সহায়তা চাইলে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন সালমান এফ রহমান।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সালমান এফ রহমান সৌদি বিনিয়োগবিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহর সঙ্গে বৈঠককালে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারত্ববিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে অনুরোধ জানান। সৌদি বিনিয়োগবিষয়ক মন্ত্রী এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

ওই বৈঠকে সালমান এফ রহমান বিদেশি বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। পাশাপাশি সৌদি বিনিয়োগকারীদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের প্রস্তাব দেন। সৌদি বিনিয়োগবিষয়ক মন্ত্রী বাংলাদেশের এ প্রস্তাবকে স্বাগত জানান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান