রুবলের মান বেড়ে ৭ বছরে সর্বোচ্চ

রুবলের মান বেড়ে ৭ বছরে সর্বোচ্চ
ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে। যুদ্ধ বন্ধে বাধ্য করতে রাশিয়ার অর্থনীতি অচল করে দেওয়ারও হুমকি দিচ্ছে এসব দেশ। কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার মুদ্রা রুবলের নাটকীয় উত্থান হচ্ছে। গতকাল সোমবার ইউরোর বিপরীতে রুবলের মান ৬ শতাংশের বেশি বেড়েছে, প্রায় সাত বছর সময়ের মধ্যে যা সর্বোচ্চ। এদিকে ডলারের বিপরীতেও রুবলের মান বেড়েছে। রয়টার্স বলছে, মূলধন নিয়ন্ত্রণ, তেলের উচ্চমূল্য ও মাসিক কর পরিশোধের সময় চলে আসার কারণে রুবলের মান বেড়েছে।

যুক্তরাজ্যের স্থানীয় সময় গতকাল সোমবার বেলা ১টা ৩৮ মিনিটে ১ ইউরোর বিপরীতে রুবলের মান বেড়েছে ৬ দশমিক ৩ শতাংশ। এ সময় ১ ইউরো সমান ছিল ৫৮ দশমিক ৭৫ রুবল। ২০১৫ সালের জুনের শুরুর দিকের পর ইউরোর বিপরীতে রুবলের মান কখনোই এতটা বেশি ছিল না। ডলারের বিপরীতেও রুবলের মান বেড়েছে। গত শুক্রবার ৪ দশমিক ৬ শতাংশ মান বেড়ে ১ ডলার সমান ছিল ৫৭ দশমিক ৪৭ রুবল। ২০১৮ সালের মার্চের শেষ দিকে ১ ডলার সমান ছিল ৫৭ দশমিক শূন্য ৭ রুবল। মার্কিন ডলারের বিপরীতে রুবলের মান এর চেয়ে বেশি কখনোই ছিল না। শুক্রবার ডলারের বিপরীতে রুবলের মান তার কাছাকাছি চলে যায়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রুশ বাহিনী। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দেয়। এতে রাশিয়ার অর্থনীতিতে পুরোদমে সংকট শুরু হয়। কিন্তু এরপরও চলতি বছর ডলারের বিপরীতে রুবলের মান প্রায় ৩০ শতাংশ বেড়েছে। এর মধ্য দিয়ে এ বছর সবচেয়ে ভালো করা মুদ্রার স্বীকৃতি পেয়েছে রুবল। রয়টার্স বলছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কবল থেকে অর্থনীতিকে বাঁচাতে রাশিয়া কৃত্রিমভাবে কিছু নিয়ন্ত্রণ আরোপ করেছিল। তারই সুফল হচ্ছে রুবলের এই উত্থান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না