Ortho Songbad আর্কাইভ

সংসদের আলোকসজ্জা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সংসদের আলোকসজ্জা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদের আলোকসজ্জা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২০ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটে প্রবেশ করে প্রায় আধাঘণ্টা তিনি সংসদ এলাকায় ঘুরে ঘুরে আলোকসজ্জা দেখেন। এসময় নিজের মোবাইলে আলোকসজ্জার স্থিরচিত্র ধারণ ও ভিডিও ধারণ করেন প্রধানমন্ত্রী।

করোনাকালীন সতর্কতার কারণে এ সময়ে তার কাছে কাউকে যেতে দেয়া হয়নি। তবে সংসদের উপবিভাগীয় প্রকৌশলী ফরহাদ হোসেন আজাদসহ সংশ্লিষ্টরা সেখানে উপস্থিত ছিলেন।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের এই আয়োজনে অংশগ্রহণ করছেন। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে রাজধানী ঢাকাকে। আলোকসজ্জায় ঢাকার বিভিন্ন স্থাপনা সাজানো হয়েছে লাল-সবুজ আলোতে।

নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক, স্থাপনা, অফিস-আদালতে করা হয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। সন্ধ্যার পর লাল সবুজের আলোতে ঝলমলিয়ে ওঠে এলাকাগুলো।

এরই অংশ হিসেবে জাতীয় সংসদে আলোকসজ্জা করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার