Ortho Songbad আর্কাইভ

মোজাম্বিকে সন্ত্রাসী হামলায় নিহত ৭, নিখোঁজ ৬০

মোজাম্বিকে সন্ত্রাসী হামলায় নিহত ৭, নিখোঁজ ৬০
আফ্রিকার দেশ মোজাম্বিকের পালমায় একটি বৃহৎ গ্যাস প্রকল্পের পাশে সন্ত্রাসী হামলায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে ৬০ জন নিখোঁজ রযেছেন। উত্তর মোজাম্বিকের এ হামলার ঘটনায় হতাহতদের প্রায় সবাই বিদেশি নাগরিক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।

দেশটির নিরাপত্তা বাহিনীর বরাতে গার্ডিয়ান বলছে, ১৭টি গাড়ির একটি বহর নিয়ে হামলা করা হয়। সেখানে সাতটি গাড়ি থেকে এখন পর্যন্ত অন্তত ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি গাড়িগুলো চলে গেছে। সেগুলোতে অন্তত ৫০-৬০ জন বিদেশি নাগরিক ছিল।

এ হামলার পর দক্ষিণ আফ্রিকা তাদের নাগরিকদের উদ্ধারে সামরিক বাহিনীর সদস্যদের সেখানে পাঠাচ্ছে।

যেখানে এই হামলা চালানো হয়েছে সেখানে ফরাসি কোম্পানি টোটালের কয়েক বিলিয়ন ডলারের একটি তরল গ্যাসের প্রকল্প চলমান রয়েছে। এ কারণে সেখানে বহু বিদেশি কনট্রাক্টর ও তাদের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করছে।

হামলার বর্ণনায় গার্ডিয়ান বলছে, দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন এবং ফ্রান্সের কয়েকশ নাগরিক হোটেলগুলোতে আশ্রয় নেয়। এর আগে তারা সেখান থেকে সাগর পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। শুধুমাত্র হোটেল আমারুলাতেই প্রায় ২০০ জন বিদেশি শ্রমিক আটকা পড়েছে।

 

 

মুল সাইট থেকে

পুজিবাজার